চট্টগ্রামেও পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস
‘একসাথে, আরও শক্তিশালী-জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে চট্টগ্রামেও পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং চট্টগ্রাম ডেইরি খামারি নেতৃবৃন্দ অংশ নেন।
পরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জানান, বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যান। বিশ্বে প্রতিবছর প্রায় তিন লাখ মানুষ জলাতঙ্কে আক্রান্ত হন, যাদের প্রায় ৪০ শতাংশই শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি হলেও সচেতনতা, প্রাণীর টিকাদান এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা আরও বলেন, শুধু চিকিৎসার মাধ্যমে জলাতঙ্ক নিয়ন্ত্রণ সম্ভব নয়। কুকুরসহ ঝুঁকিপূর্ণ প্রাণীর টিকাদান, আক্রান্ত প্রাণী শনাক্তকরণ, কামড়ের পর দ্রুত চিকিৎসা এবং জনসচেতনতা বাড়ানোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এসব কার্যক্রম জোরদার করা গেলে ২০৩০ সালের মধ্যে জলাতঙ্কে মানুষের মৃত্যুর ঘটনা শূন্যে নামিয়ে আনার বৈশ্বিক লক্ষ্য অর্জন করা সম্ভব।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান।
বিভি/এআই













মন্তব্য করুন: