• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ড্যাপকে অযৌক্তিক বিধিমালা দাবি করে সংস্কার চাইলেন রিহ্যাব প্রেসিডেন্ট

প্রকাশিত: ১১:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ড্যাপকে অযৌক্তিক বিধিমালা দাবি করে সংস্কার চাইলেন রিহ্যাব প্রেসিডেন্ট

দেশের আবাসন ব্যবসায় নানা ধরনের জটিল ও কঠিন নিয়ম-কানুন এবং বাস্তবতাবিবর্জিত বিধিবিধানের কারণে এ খাত ক্রমেই সংকটের মুখে পড়ছে। আবাসন শিল্পকে টিকিয়ে রাখতে ড্যাপসহ বিভিন্ন অযৌক্তিক বিধিমালার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে আবাসন ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। সম্মিলিত রিয়েল এস্টেট ফোরামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল আউয়াল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক।

সভায় বক্তারা বলেন, আবাসন ব্যবসা বর্তমানে নানা ধরনের সমস্যার চাপে রয়েছে। একই সঙ্গে বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধিবিধানের কারণে এ খাতের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ ও প্রতিষ্ঠান যুক্ত থাকায় এ খাতের সংকটের প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে।

মতবিনিময় সভায় আবাসন ব্যবসার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সংকট, ড্যাপসহ বিভিন্ন বিধিমালার বাস্তব প্রভাব এবং এসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আবাসন খাতকে টেকসই ও গতিশীল রাখতে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ঐক্য ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বেশ কয়েকজন ডেভেলপার। তারা আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. সহিদুল ইসলাম।

এ ছাড়া সভায় উত্তরা ডেভেলপার ফোরামের সভাপতি মো. ইব্রাহিম সরকার এবং সাউথ ডেভেলপার ফোরামের উপদেষ্টা মো. শাখাওয়াত হোসেন বক্তব্য দেন। সভায় বিপুলসংখ্যক আবাসন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

মতবিনিময় অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালক উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত