• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় জান্নাতের টিকিট বিক্রিকারীরা অঘটন ঘটাতে পারে: গয়েশ্বর রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৩৫, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দুর্গাপূজায় জান্নাতের টিকিট বিক্রিকারীরা অঘটন ঘটাতে পারে: গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ফ্যাসিবাদীরা যে ধরনের ঘটনা ঘটাত, তাদের সেই কাজ জান্নাতের টিকিট বিক্রিকারীরা এবারের দুর্গাপূজায় ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এজন্য তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনে জান্নাতের টিকিট বিক্রিকারীদের যারা ভোট দিয়েছিলেন, তারা কিন্তু জান্নাতে যেতে পারেননি। হাসিনার সময়ে যেভাবে পুলিশ কাজ করেছে, এখন কিন্তু তারা তা পারে না। হাসিনার আদেশ পেলেই পুলিশ লাঠিপেটা করত। এখন প্রয়োজন হলেও পুলিশ লাঠি হাতে নিতে ভয় পাচ্ছে। তাই আমাদের সবাইকে প্রশাসনের পাশে থেকে তাদের সাহস জোগাতে হবে।’

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বাক্তারচরে অধ্যাপক হামিদুর রহমান স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘যে গণতন্ত্রের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, সেই গণতন্ত্রকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এই গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ-সংগ্রাম করে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তাই আমাদের সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত হতে দেব না। শিক্ষাপ্রতিষ্ঠান শুধু সুন্দর হলেই চলবে না। প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে।’

অধ্যাপক হামিদুর রহমান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. নুর হোসেন নুরুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সোহেল রানা এবং কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: