টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন জনসেবা চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু।

টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞা, টাঙ্গাইল ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ এবং জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুসহ অন্যরা।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবতাবাদী চিন্তাধারা এবং বাংলা লোকসংস্কৃতিতে তার অবদান তুলে ধরা হয়। তাঁর গান ও দর্শন যুগে যুগে মানুষকে অসাম্প্রদায়িকতা, মানবপ্রেম ও সাম্যের শিক্ষা দিয়ে আসছে। লালনের সৃষ্টিকর্ম বাংলা লোকসংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
আয়োজকেরা জানান, লালন সাঁইয়ের জীবনদর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: