• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৩, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

বিরোধ মীমাংসা করতে থানায় এসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষের পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মো. আলা উদ্দিন সোহেল, ইমতিয়াজ চৌধুরী, মো. আজগর আলী, জাহিদুল ইসলাম সাব্বির ও মাঈন উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ছোটধলী গ্রামের দুবাইপ্রবাসী মো. আলাউদ্দিন সোহেল প্রায় এক বছর আগে মুঠোফোনের মাধ্যমে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লামছি প্রসাদ গ্রামের মাশরুপা আক্তারকে (১৯) বিয়ে করেন। প্রায় তিন মাস আগে সোহেল প্রবাস থেকে দেশে ফেরেন। এরপর বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে উভয় পক্ষের প্রতিনিধিরা থানায় আসেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়দাস গুপ্ত বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য উভয় পক্ষকে পরামর্শ দেন।

পরে উভয় পক্ষের লোকজন থানা থেকে বের হওয়ার সময় ফটকসংলগ্ন সড়কে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের পাঁচজনকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, পারিবারিক বৈঠক শেষে চলে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত