সেই রাতে তাহসিফের সঙ্গে আর কারা ছিলেন, জানালো পিবিআই
পিবিআই এর অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসাইন মান্নান জানিয়েছেন, সেদিন রাতে দ্বীপ ছাড়াও আরও কয়েকজন বন্ধু তাহসিফের সঙ্গে অনেক রাত পর্যন্ত ছিলো। তারা সবাই টঙ্গী এলাকাতেই ছিলো। এদিকে তাহসিফের বাবার দাবি তার ছেলেকে হত্যা করা হয়েছে। দেড় মাস আগে জীবন নিয়ে শংকার কথা জানিয়েছিলেন তাহসিফ।
রাজধানীর উত্তর খানের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআই। এরই মধ্যে নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সাথে থাকা তার বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পিবিআই বলছে ঘটনার রাতে অনেক রাত পর্যন্ত তাহসিফের সাথে ছিলো দ্বীপসহ আরও কয়েকজন।
এদিকে, ছেলের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ এনায়েত উল করিম। তিনি বলেন, নিরাপত্তাহীনতার কথা দুইবার জানিয়েছিল তাহসিফ। তবে তিনি তা গুরুত্ব দেননি।
তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। সুরতহাল রিপোর্টে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া না গেলেও নাক দিয়ে রক্ত বের হওয়া এবং পেট ফোলা থাকার কথা উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্ত এবং ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর তাহসিফের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিভি/এসজি













মন্তব্য করুন: