মিরপুরে আবারও সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত
রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রবিবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেন। এতে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকেরা সকালে জড়ো হন। পরে তারা মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। তাদের অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।
এদিকে, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ (রবিবার) মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: