নৌবাহিনী ও নৌপরিবহন অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নৌপরিবহন খাতে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন ও যৌথ উদ্যোগ বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে নৌপরিবহন অধিদফতর ও বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার (৯ নভেম্বর) নৌ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নৌপরিবহন অধিদফতরের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক কমডোর শফিউল বারী এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নেভাল অপারেশনস পরিচালক এতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া নৌপরিবহন অধিদফতরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াসউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশির অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা ও দক্ষতা বিনিময়ের সুযোগ বাড়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তার স্বার্থে যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নীল অর্থনীতির (ব্লু-ইকোনমি) বিকাশে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন তারা।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি দেশের সামুদ্রিক সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করা হয়।
বিভি/বিএস/এসজি













মন্তব্য করুন: