• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১৫

প্রকাশিত: ১৯:৫৯, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক কয়েকটি অভিযানে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এক বার্তায় জানান, রাজধানীর রূপনগর, রামপুরা ও ক্যান্টনমেন্ট থানা এলাকায় আলাদা অভিযান চালিয়ে এই ১৫ জনকে গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামের নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামের আরও দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

বিভি/বিএস/এসজি

মন্তব্য করুন: