ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে ‘লাভলী পরিবহন’-এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
অগ্নিসংযোগের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড় করানো লাল-সাদা রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে।
এর আগে রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ছাড়া ওইদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী, মিরপুর, তেজগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মালিবাগে সিআইডি প্রধান কার্যালয় এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিভি/বিএস/এসজি













মন্তব্য করুন: