১০ লিটারে ৫৩০ মিলিলিটার তেল কম, পাম্পকে জরিমানা ৫ লাখ
জ্বালানি তেল পরিমাপে কারচুপির দায়ে রাজধানীর পশ্চিম কাফরুলের মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসটিআইয়ের পরিচালিত মোবাইল কোর্টে পেট্রোল পাম্পটির তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এ সময় প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে বেগম রোকেয়া সরণির ২২০/এ-২, পশ্চিম কাফরুলে অবস্থিত পাম্পটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ মেলে।
এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়ার বিষয়টি শনাক্ত করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।
জ্বালানি তেল পরিমাপে এ ধরনের কারচুপির দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা মহানগরীর পশ্চিম কাফরুল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মোবাইল কোর্টে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল কাদের এবং মেট্রোলজি বিভাগের পরীক্ষক আহসান হাবীব খান। তারা জানান, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: