গোপালগঞ্জে ২০ যানবাহনের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ছবি: দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেট কার
গোপালগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে একাধিক যানবাহনের ভয়াবহ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় সংসদ সদস্যকে বহনকারী গাড়িসহ তার বহরের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি প্রাইভেট কার, বাস, ট্রাক, ইজিবাইক ও মোটরসাইকেলসহ ১৫ থেকে ২০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গোপালগঞ্জের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বরইতলায় একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের যানবাহনগুলোকে ধাক্কা দেয়। একপর্যায়ে একের পর এক সংঘর্ষে ১৫ থেকে ২০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
এতে সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তার বহরের আরও কয়েকটি গাড়ি ছাড়াও যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিভি/এমআর













মন্তব্য করুন: