• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সেনাবাহিনীর উদ্যোগে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতা প্রশিক্ষণ পেল খাগড়াছড়ির ২০৩ ছাত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:২৮, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সেনাবাহিনীর উদ্যোগে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতা প্রশিক্ষণ পেল খাগড়াছড়ির ২০৩ ছাত্রী

বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিককালীন স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে কিশোরীদের সচেতন করতে খাগড়াছড়ির পানছড়িতে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় বিদ্যালয়ের ২০৩ জন ছাত্রী।

কর্মশালায় সহযোগিতা করে এসিআই লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’। এতে সেনাবাহিনীর দুই চিকিৎসক ও একজন বেসামরিক স্বাস্থ্যকর্মী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, হরমোনজনিত প্রভাব, মাসিককালীন স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেন।

এ সময় স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার ও পরিবর্তন, ব্যবহৃত ন্যাপকিন নিরাপদে অপসারণ এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও বাস্তবভিত্তিক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা ও সামাজিক সংকোচ দূর করে সচেতন হওয়ার আহ্বান জানান চিকিৎসকেরা।

কর্মশালায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং চিকিৎসকদের কাছে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রশ্ন করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে।

আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী ও সুস্থ জীবন গঠনে সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: