• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০৮:০৯, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:১০, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

নাটোরের দত্তপাড়া বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ছুড়েছেন দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। রবিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দত্তপাড়ার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা জানান, রবিবার রাত ১০টার পর একটি সাদা মাইক্রোবাস বাজারের দিকে আসে। গাড়িটি বাজারের মধ্যে থেমে কয়েকজনকে নামিয়ে দিয়ে সেতুর দিকে চলে যায়। মাইক্রোবাস থেকে নেমে তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে সেতুর দিকে এগিয়ে যান।

পরে সেতুর ওপর অপেক্ষমাণ মাইক্রোবাসে উঠে তারা ঢাকার দিকে চলে যান। এ সময় আনুমানিক ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানান তিনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন বলে জানা গেছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দত্তপাড়া বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছেন। মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে দত্তপাড়া বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিভি/নাটোর/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত