৫ ঘণ্টা কর্মবিরতি শেষে কাজে ফিরলেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
কর্তৃপক্ষের আশ্বাসের পর পাঁচ ঘণ্টার কর্মবিরতি শেষে চট্টগ্রাম বন্দরের প্রধান দুটি টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ আবার শুরু করেছেন শ্রমিকরা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে বন্দরের এনসিটি ও সিসিটি টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে এনসিটি ও সিসিটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকরা।
বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন দাবিতে পাঁচ শতাধিক শ্রমিক এ কর্মবিরতি পালন করেন। তাদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন তারা। এ বিষয়ে সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দেওয়া হলেও পাওনা পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক সুবিধা।
দীর্ঘদিন ধরে এসব দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন বলে জানান আন্দোলনরত শ্রমিকরা।
উল্লেখ্য, গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশই এই দুটি টার্মিনালের মাধ্যমে ওঠানো-নামানো হয়েছে। ফলে এনসিটি ও সিসিটির কার্যক্রম বন্ধ থাকায় বন্দরের সামগ্রিক কনটেইনার পরিবহনে ব্যাপক প্রভাব পড়ে। তবে পাঁচ ঘণ্টা পর শ্রমিকরা কাজে ফেরায় আবার স্বাভাবিক হতে শুরু করেছে টার্মিনাল দুটির কার্যক্রম।
বিভি/সিটিজি/পিএইচ













মন্তব্য করুন: