চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং মানুষের জীবনযাত্রা আরও সহজ করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যাত্রীসেবা বাড়াতে এই রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সড়কে যানজট কমানো এবং মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রেল যোগাযোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে কমিউটার ট্রেন চালুর ফলে সাধারণ যাত্রীরা সহজে ও স্বল্প খরচে যাতায়াতের সুযোগ পাবেন। এতে সড়কের ওপর চাপ কমার পাশাপাশি জনদুর্ভোগও অনেকটা লাঘব হবে।
তিনি বলেন, জনগণের দৈনন্দিন ভোগান্তি কমিয়ে জীবনযাত্রাকে স্বস্তিদায়ক করাই সরকারের মূল লক্ষ্য।
নতুন ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে থাকবে সাতটি করে কোচ। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ।
শোভন শ্রেণির পাঁচটি কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন থাকবে। এ ছাড়া এসএলআর কোচে থাকবে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি।
সময়সূচি অনুযায়ী, ২২২ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। অন্যদিকে, ২২১ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।
বিভি/সিটিজি/পিএইচ













মন্তব্য করুন: