• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ

পরিতোষ চৌধুরী আদিত্য, রাজশাহী 

প্রকাশিত: ১১:৪৭, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজশাহীর নওদাপাড়া বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া চারঘাটে রেললাইনে আগুন ও লাল নিশান টানানোর ঘটনায় আটকা পড়ে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি মেইল ট্রেন। একই রাতে নগরীর ভেড়িপাড়া মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রাত ৩টার দিকে নওদাপাড়া বিআরটিসি বাস ডিপোর একটি নন-এসি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসটির সব আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আগুনের শিখায় পাশে থাকা আরেকটি বিআরটিসি এসি বাসের জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়।

শাহ মখদুম থানা পুলিশ ও শ্রমিকেরা জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েই মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনের বাগমারী গ্রামে রেললাইনের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে রেললাইনে লাল নিশান টানিয়ে দেয় লকডাউন আহ্বানকারীরা। এ সময় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী মেইল ট্রেনটি সেখানে আটকা পড়ে।

পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে লাল নিশান সরিয়ে দেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে নন্দনগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকা সিরাজগঞ্জ মেইল ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

এ ছাড়া গভীর রাতে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় এলাকায় খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

অন্যদিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের সামনে পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।

বিভি/রাজশাহী/পিএইচ

মন্তব্য করুন: