• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৬, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে একটি গাড়ির সিটসহ ভেতরের অংশ পুড়ে গেলেও অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর এখনো গাড়ির মালিককে খুঁজে পায়নি পুলিশ।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটি গাড়ির সিটসহ ভেতরের অংশ পুড়েছে, অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, রাতে পুলিশ সুপারের নেতৃত্বে টহল টিম কাজ করছিল। এর মধ্যে মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে খুব বেশি ক্ষতি হয়নি।

বিভি/খাগড়াছড়ি/পিএইচ

মন্তব্য করুন: