• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে এক রাতে ৭ আ. লীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ!

কে এম শাহাদাত হোসেন, পটুয়াখালী

প্রকাশিত: ১৩:২৮, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পটুয়াখালীতে এক রাতে ৭ আ. লীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ!

পটুয়াখালীতে এক রাতেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর পর্যন্ত শহর ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কয়েকটি বাড়িতে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। আতঙ্কে কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়ার বাসভবন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এসব হামলার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। অন্যদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

বিভি/পটুয়াখালী/পিএইচ

মন্তব্য করুন: