• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে ভোটের হাওয়া

দক্ষিণের ২ নম্বর ওয়ার্ডের প্রধান সমস্যা মাদক

প্রকাশিত: ১৮:৫৭, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দক্ষিণের ২ নম্বর ওয়ার্ডের প্রধান সমস্যা মাদক

দক্ষিণের ২ নম্বর ওয়ার্ডে ভোটের হালচাল।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও থানায় অবস্থিত ওয়ার্ড নম্বর ২। জাতীয় সংসদের ঢাকা-৯ আসনের অন্তর্গত এই ওয়ার্ডে ৮০ হাজারে বেশি ভোট রয়েছে। কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নামতে শুরু করেছেন, শীতের সন্ধ্যা থেকে গভীর রাত, তাদের নিয়েই আলোচনা করছেন রাজনীতি সচেতন মানুষ। 

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর গোড়ান টেম্পু স্ট্যান্ডে অনেক মানুষের ভিড়। মিলে যাই তাদের সাথে। এক কাপ দুধ-চা খেতে খেতে এলাকা এবং সম্ভাব্য প্রার্থীদের গল্প শুনলাম। সম্ভাব্য প্রার্থী হিসেবে ৮ জনের নাম জানা গেলো, তারা সবাই বিএনপি নেতা। অন্য দল বা স্বতন্ত্র হিসেবে কোনো প্রার্থীর নাম এখনো প্রকাশ পায়নি। যারা ভোট করবেন বলে আওয়াজ তুলেছেন, তারা আপাতত সামাজিক কাজেই ব্যস্ত সময় পার করছেন, জনমত বোঝার চেষ্টা করছেন। 

নির্বাচনী পোস্টার দেখা যাচ্ছে অনলাইন-অফলাইনে।

সম্ভাব্য প্রার্থীদের যাকেই কল দেই- উত্তর আসে, জানাজায় গেছেন। রিক্সা নিয়ে ছুটে চলি খিলগাঁও কবরস্থানে। খিলগাঁওয়ের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, ঢাকা মহানগর দক্ষিণের ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ ইন্তেকাল করেছেন। তার জানাযায় অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। তাকে ঘিরে ছিলেন ৮ সম্ভাব্য প্রার্থী। তাদের মধ্যে ৫ জন ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। 

কথা হলো সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব ইউনূস আলী মৃধার সাথে। বয়োজ্যেষ্ঠ এই নেতার রাজনীতি শুরু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, জাগো দল দিয়ে। এলাকার অনেক নেতাকর্মী তার হাতে গড়া।

এবারের জাতীয় সংসদ  নির্বাচনে ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাবেক ২৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক, এরপর ৫৬ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। মহানগর কমিটির সহ-সভাপতি ছিলেন একাধিকবার। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯ বার জেল খেটেছেন, ২৬ বার রিমান্ডে গেছেন। নগরীর ১৭ থানায় তার নামে  ১২১টি মামলা দিয়েছিলো পতিত ফ্যাসিস্ট সরকার। 

প্রচার প্রচারণায় কেউই পিছিয়ে নেই।

আলহাজ্ব ইউনূস আলী মৃধা জানান, তিনি নিজে কখনো নির্বাচন করেননি, করিয়েছেন। এবার তিনি নির্বাচন করবেন। এটাই তার প্রথম এবং শেষ নির্বাচন। 

তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা মাদক। আমাদের সন্তান ও নাতিদের বাঁচাতে মাদকের বিরুদ্ধে কাজ করবো। শিক্ষার ক্ষেত্রে নৈতিক শিক্ষার বিষয়ে সচেতনতা গড়ে তুলবো। খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে আরও দুটি মাঠ তৈরি করার ইচ্ছা আছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের দায়িত্বে অবহেলার কথাও বলেন ইউনূস মৃধা।

তার সাথে কথা শেষ করে কবস্থান থেকে একটি অটো নিয়ে গেলাম গোড়ান টেম্পু স্ট্যান্ডের কাছে। আরেক সম্ভাব্য প্রার্থী খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরীর অফিসে। আলোচনায় উঠে এলো তার চল্লিশ বছরের রাজনৈতিক ইতিহাস। ২০২০ সালে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করেছেন তিনি। মামলার সংখ্যা ৩, জেল খেটেছেন ৩ বার। যুবদলের রাজনীতি দিয়ে রাজনীতি শুরু। তৎকালীন ৫৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি, বৃহত্তর সবুজবাগ থানার সভাপতি, ঢাকা মহানগর যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক এবং যুবদলের মির্জা আব্বাস-গয়েশ্বর কমিটির সদস্য ছিলেন।

তিনি বলেন, কাউন্সিলর নির্বাচন করার ইচ্ছে আছে। এজন্য আমি দলের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি। তবে কারো সাথে রেষারেষি করব না।

ভোটের মাঠে উত্তাপ না থাকলেও চলছে প্রচারণা।

তার অভিযোগ, আওয়ামী লীগের সময় বিএনপির দুজন লোক একসাথে দেখলেই পুলিশ হাজির হতো। এখন ককটেল মেরে চলে যায়, পুলিশ দেখা যায় না। মাদকের সাথে জড়িতদের ধরে পুলিশের কাছে নিয়ে গেলে পুলিশ ছেড়ে দেয়।

আরেক প্রার্থী খিলগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান নয়ন। তিনি খিলগাঁও থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে। 

তিনি বলেন, মানুষের সেবা করার মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছি। নির্বাচন করবো বলেই কাজ করছি। দায়িত্ব পেলে মানুষের জন্য জন্য বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।

প্রার্থী হতে চান  খিলগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রিপন। তিনি বললেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে দলের কঠিন সময়ে ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং শ্রমিক দলের হাজারো নেতাকর্মীর বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি। দল ক্ষমতায় আসার পরও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখছি। 

তিনি বলেন, মানুষের ভোগান্তি লাঘবে ড্রেনেজ লাইন ও পানির লাইন আলাদা, এই এলাকার যানজট নিরসনে নিজস্ব লোক দিয়ে মানুষের দুর্ভোগ কমাতে উদ্যোগ নিবো। রাজনীতি ও ব্যবসা করেই মানুষের উপকারে আসতে চাই।

জাকির হোসেন অভিযোগ করেন, মাদকের ছোবল থেকে রক্ষা পেতে রাজনীতিবদিদের পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকা রাখা প্রয়োজন। কিন্তু এখানে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই। ফোন দিলে ধরে নিয়ে যায়, কিছুক্ষণ পর আবার ছেড়ে দেয়!

২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেনও কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করতে চাননি। নিউজে ছবি ব্যবহারেও তার আপত্তির কথা জানান।

একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম কবিরও মনোনয়ন চাইবেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাকে ফোন করা হলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে কল কেটে দেন!  

 ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহর মৃত্যুর পর জানাজায় দেখা যায় সব নেতাকর্মীকে।

সম্ভাব্য প্রার্থীরাই শুধু নন, এলাকার মানুষও জানান, ২ নং ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা মাদক। গুরুত্বপূর্ণ স্পটের মধ্যে রয়েছে মদন গলি, নবীনবাগ, আদর্শবাগ, ভূঁইয়ার ঝিল, সিদ্দিক বাজার, হাওয়ার গলি, ৯নং রোডের মাথা। ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা বিশাল মাদক সিন্ডিকেট এখনো টিকে আছে। তাদের মাথায় আছে আ. লীগের অদৃশ্য ছায়া। সেই সাথে কিছু ব্যক্তি আছেন, যারা বিএনপির স্থানীয় নেতাদের কারো কারো সাথে চলাফেরা করেন।

তৃণমূল বিএনপি নেতাদের অভিযোগ, বাগানবাড়ী, কাঁচাবাজার এখনো নিয়ন্ত্রণ করেন আওয়ামী লীগ নেতা বাচ্চু। নির্বাচনের পরই আওয়ামী লীগের নেতারা স্বাভাবিক ভাবে চলাফেরা শুরু করে। অথচ আ. লীগ আমলে বাসা থেকেই বিএনপি নেতাকর্মীদের পুলিশ ধরে নিয়ে যেতো। তাদের প্রকাশ্যে আসার ক্ষেত্রে বিএনপি নেতাদের দায় আছে।

এলাকার আরেকটি সমস্যা, এটি অনেক বড় একটি ওয়ার্ড হলেও বাসিন্দাদের জন্য খেলার মাঠ মাত্র একটি। স্থানীয়রা মনে করেন, মাঠ বাড়ালে খেলার সুযোগ পাবে ছেলে মেয়েরা। তখন মাদক থেকে শুরু করে খারাপ কাজ থেকে তারা মুক্ত থাকবে। 

গ্যাসের সংকট খুব বেশি। জাকির হোসেন নামে একজন বাসিন্দা বলেন, গ্যাসের প্রচুর সংকট এই এলাকায়। সকালে রান্নার সুযোগ নেই, তারপর দুপুরেও নেই। বিকালে একটু আসে-তাও খুবই অপ্রতুল। গৃহস্থালি কাজের বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই রান্না করা।

এসব সমস্যা নিরসনে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। যদিও পূর্বে যারা নির্বাচিত হয়েছিলেন তারা ভোটের আগে দেয়া অঙ্গীকার পূরণ করেননি। তাই আগামী নির্বাচনে এমন একজন কাউন্সিলর চান এলাকার মানুষ, যিনি কথায় ও কাজে মিল রাখবেন।

বিভি/এনএম/এসবি/এজেড

মন্তব্য করুন: