• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১ ডিসেম্বর থেকে ডিএমপির বিশেষ অভিযান

শব্দদূষণ আইনের প্রয়োগ নেই, হর্নে অতিষ্ঠ জনজীবন

প্রকাশিত: ০৮:২১, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শব্দদূষণ আইনের প্রয়োগ নেই, হর্নে অতিষ্ঠ জনজীবন

সকাল সাড়ে আটটা। রাজধানীর শাহবাগ মোড় সংলগ্ন বারডেম হাসপাতাল এলাকার সড়কে তখন তীব্র যানজট। সিগন্যালে লাল বাতি জ্বলছে, সামনে এক ইঞ্চিও এগোনোর উপায় নেই। তবু পেছনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস ও কয়েকটি ব্যক্তিগত গাড়ি থেকে একনাগাড়ে বেজে চলেছে কানফাটা হর্ন। এর মধ্যেই আচমকা একটি জিপগাড়ির হাইড্রোলিক হর্নের বিকট শব্দে চমকে উঠে দুই হাত দিয়ে কান চেপে ধরল মায়ের হাত ধরে স্কুলে যাওয়া সাত বছরের শিশু তাহমিদ। রাস্তার পাশের হাসপাতালের জানালার ওপাশে তখন অসহায় বোধ করছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনেরা।

এ যেন প্রতিদিনের ঢাকার চেনা দৃশ্য। প্রয়োজন থাকুক বা না থাকুক, স্টিয়ারিংয়ে হাত রাখলেই যেন হর্ন বাজাতে হবে। চালকদের এমন অদ্ভুত প্রবণতায় অতিষ্ঠ দুই কোটির বেশি মানুষের এই নগরী। জ্যামে স্থির দাঁড়িয়ে থাকা অবস্থায় কিংবা সামনের গাড়িকে তাড়া দিতে কারণ ছাড়াই হর্ন বাজানো এখন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুলগামী শিশু ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কথা হয় চিকিৎসাধীন এক রোগীর স্বজন আমিনুল ইসলামের সঙ্গে। বিরক্তি আর ক্ষোভ নিয়ে তিনি বলেন, আমার বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়েও বাস, অটোরিকশা আর প্রাইভেটকারের চালকেরা এমনভাবে হর্ন বাজান যে ওয়ার্ডের ভেতরে থাকা দায় হয়ে পড়ে। রোগী একটু ঘুমাবে, সেই উপায়টুকুও নেই।

একই ধরনের উদ্বেগের কথা জানান রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অপেক্ষমাণ অভিভাবক জিনাত সুলতানা। তিনি বলেন, স্কুল ছুটির সময় গেটের সামনেই গাড়ির জটলা লাগে, আর শুরু হয় প্রতিযোগিতামূলক হর্ন বাজানো। আমার  প্রায়ই মাথাব্যথা করে, কানে ভোঁ ভোঁ শব্দ শোনে। স্কুলের সামনে ‘হর্ন বাজানো নিষেধ’ লেখা সাইনবোর্ড থাকলেও কোনো চালকই তা মানেন না।

আইনের চোখে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারপাশের ১০০ মিটার এলাকা সুনির্দিষ্টভাবে ‘নীরব এলাকা’ হিসেবে চিহ্নিত। ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’-এর তফসিল-১ অনুযায়ী, এসব নীরব এলাকায় দিনে সর্বোচ্চ ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেল শব্দের মাত্রা অনুমোদিত। এ ছাড়া আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবেলের মধ্যে শব্দের মাত্রা সীমাবদ্ধ রাখার বিধান রয়েছে। বিধিমালা অনুযায়ী সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সময়কে দিন এবং রাত নয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত সময়কে রাত হিসেবে ধরা হয়।

রাজধানীর সচিবালয় ও এর আশপাশ এলাকাকে আগেই নীরব এলাকা ঘোষণা করে হর্ন বাজানো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের তিন কিলোমিটার এলাকা, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা, ডিএনসিসি, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকেও নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু সচিবালয়ের আশপাশে মাঝেমধ্যে কড়াকড়ি দেখা গেলেও কার্যকর ও নিয়মিত তদারকির অভাবে ঘোষিত এসব নীরব এলাকার প্রায় সর্বত্রই প্রতিনিয়ত শব্দের মানমাত্রা লঙ্ঘিত হচ্ছে। এর ফলে পরিবেশগত মানদণ্ডে পিছিয়ে থাকা ঢাকা প্রায়ই শব্দদূষণে বিশ্বের শীর্ষ নগরীগুলোর তালিকায় উঠে আসছে।

অনিয়ন্ত্রিত এই শব্দদূষণ নীরবে কেড়ে নিচ্ছে নগরবাসীর শ্রবণশক্তি ও মানসিক প্রশান্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের জানান, যানবাহনে ব্যবহৃত উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দের কারণে মানুষের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, হৃদ্‌রোগী ও অসুস্থ মানুষের জন্য এ ধরনের শব্দ বেশি ক্ষতিকর। অন্যদিকে অনুমোদনহীনভাবে বিকন লাইট ব্যবহার সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করে।

এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. এইচ. এম. মুস্তাফিজুর রহমান (মির্জন) বলেন, দীর্ঘ সময় ৮৫ ডেসিবেলের বেশি শব্দের সংস্পর্শে থাকলে মানুষের অন্তঃকর্ণের সূক্ষ্ম কোষগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাজধানীর রাস্তায় হাইড্রোলিক হর্ন ও অকারণ হর্নের মাত্রা প্রায়ই ১০০ ডেসিবেল ছাড়িয়ে যায়। আমাদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি রোগী আসছেন কানে কম শোনা, কানে ভোঁ ভোঁ শব্দ বা টিনিটাস এবং মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার সমস্যা নিয়ে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে স্কুলগামী শিশু, নিয়মিত যাতায়াতকারী যাত্রী ও সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যরা। এখনই এটি নিয়ন্ত্রণ না করা গেলে আগামী এক দশকে নগরীর বড় একটি অংশ বধিরতার ঝুঁকিতে পড়বে।

শব্দদূষণ ঠেকাতে দেশে আইনের কোনো অভাব নেই। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ বিধিতে বলা হয়েছে, চালকের তাৎক্ষণিক সতর্কতার জন্য অনুমোদিত হর্ন থাকলেও তার শব্দ নির্ধারিত মাত্রা অতিক্রম করতে পারবে না এবং পরপর বিভিন্ন সুর দেওয়া বহুশ্রুতি, তীব্র, কর্কশ বা বিকট শব্দের হর্ন সংযোজন কিংবা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল নিবন্ধনকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান ও রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত - এই চার ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের সুযোগ রয়েছে।

আইন অমান্যকারীদের জন্য রয়েছে কারাদণ্ড ও জরিমানার বিধানও। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী, কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। আর হাইড্রোলিক ও মাল্টি-টোন হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাতকরণ বা প্রদর্শন এবং জনসমাগমস্থলে অননুমোদিত মাইক, লাউডস্পিকার কিংবা পটকা ও আতশবাজি ফোটানোর দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে নগরবাসীর অভিযোগ, আইন থাকলেও মাঠে এর ধারাবাহিক প্রয়োগ ও জরিমানার হার কম হওয়ায় চালকদের মধ্যে কোনো ভয় কাজ করে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে ডিএমপি। এর আগেই সংশ্লিষ্ট যানবাহন থেকে এসব অবৈধ সরঞ্জাম খুলে ফেলার অনুরোধ জানিয়েছে পুলিশ। 

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন জানান, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিছু যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার দেখা যাচ্ছে, যা শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য উদ্বেগজনক। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন তিনি।

অভিযানের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হবে। এসব সরঞ্জামের অননুমোদিত ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণের কারণ হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তিনি আরও জানান, বাস ও ট্রাক ছাড়াও কিছু জিপগাড়িতে হাইড্রোলিক হর্ন, বিকন লাইট এবং অনুমোদনহীন ডেকোরেশন ও সাইলেন্সার ব্যবহার করা হচ্ছে। অভিযানে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি অটোরিকশা ও একই ধরনের যানবাহনের উচ্চ শব্দ নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের চলমান নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সেগুলোর বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

নগর পরিবহন বিশ্লেষকদের মতে, কেবল সাময়িক চেকপোস্ট বসালেই স্থায়ী সমাধান মিলবে না; ট্রাফিক পুলিশকে বছরজুড়ে সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে তাৎক্ষণিক জরিমানা, নীরব এলাকায় ডিজিটাল ক্যামেরাভিত্তিক নজরদারি এবং যেসব বাজার ও ওয়ার্কশপে হাইড্রোলিক হর্ন বিক্রি ও সংযোজন করা হয়, সেখানে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করতে হবে।

এদিকে শব্দদূষণ নিয়ন্ত্রণে সম্প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালতও। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক জনস্বার্থমূলক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৫ নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদেশে আইজিপি, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআরটিএ ও রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসককে নীরব এলাকায় যথাযথ সাইনবোর্ড স্থাপন এবং ২০২৫ সালের বিধিমালার বিধি ৬ ও ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুযায়ী অপ্রয়োজনীয় হর্ন বন্ধে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিধি ৮ অনুযায়ী আতশবাজি ও পটকা নিয়ন্ত্রণ, এসএমএস ও গণমাধ্যমে ব্যাপক প্রচারণা এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৮-এর আদলে নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য নির্দিষ্ট হটলাইন নম্বর ও রেজিস্টার চালুর নির্দেশ দেন আদালত।

পাশাপাশি প্রতি তিন মাস অন্তর এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। জারি করা রুলে প্রচলিত সাতটি আইন ও বিধিমালা অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চিত করা নাগরিকের জীবনের অধিকারের পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আদালতের কঠোর নির্দেশনা আর পুলিশের বিশেষ অভিযান, দুটিই রাজধানীবাসীর জন্য নতুন আশার সঞ্চার করেছে। তবে বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি চালকেরা যত দিন অকারণে হর্ন থেকে হাত সরিয়ে না নেবেন, তত দিন এই নগরীর আকাশে-বাতাসে স্বস্তি ফেরা কঠিন।

 

বিভি/বিএস/এসবি/এসজি

মন্তব্য করুন: