রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিকদের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, নির্যাতন ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে শ্যামনগরের তিন সাংবাদিকের ওপর হামলা ও মব সৃষ্টির ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এতে সাংবাদিকদের পাশাপাশি সংহতি প্রকাশ করে অংশ নেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা কমিউনিটি, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা রাজনৈতিক ট্যাগ দিয়ে আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি বিলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করেন। এ সময় তিনি ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পান। একই দিন মব সৃষ্টি করে একটি মিটিং থেকে তুলে নিয়ে দৈনিক আলোকিত প্রতিদিন-এর শ্যামনগর প্রতিনিধি ইব্রাহিম খলিল ও দৈনিক গ্রামের কাগজ-এর শ্যামনগর প্রতিনিধি ইয়াসিন মোড়লকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া মোহনা টিভির যশোর প্রতিনিধি স্বাধীন আব্দুল্লাহকে মব সৃষ্টি করে তার গ্রামের বাড়ি যশোরের কেশবপুর থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বক্তারা এসব ঘটনাকে রাষ্ট্রের জন্য অশনিসংকেত উল্লেখ করে বলেন, ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকদের কাজ। সাংবাদিকরা যখন স্থানীয় অসংগতিগুলো সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করছেন, তখনই তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করা হচ্ছে। এতে দেশের সাংবাদিক সমাজ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।
তারা রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করতে হবে। বক্তারা শ্যামনগরের তিন সাংবাদিকের বিরুদ্ধে মব সৃষ্টির ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানান।
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, এখন টিভির আহসান রাজীব, বাংলানিউজের তানজির কচি, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভির এসএম জিন্নাহ, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এনপিবির হোসেন আলী, গ্লোবাল টিভির রাহাত রাজা, সাতক্ষীরার সকালের আলতাফ হোসেন বাবু, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, কালের কণ্ঠ ডিজিটালের আলী মুক্তদা হৃদয়, টাইম টুডের মিলন কুমার বিশ্বাস এবং দ্য এডিটরস-এর রিজাউল করিম প্রমুখ।













মন্তব্য করুন: