শ্যামনগরে খাল অবৈধ দখলমুক্ত ও বন্দোবস্ত বাতিলের দাবিতে মৌনবন্ধন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের সব খাল অবৈধ দখলমুক্ত, বন্দোবস্ত বাতিল ও পুনরুদ্ধারের দাবিতে মৌনববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগরের সর্বস্তরের মানুষের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন শ্যামনগরের বাসিন্দা সুমাইয়া কামাল, পিযুষ বাউলিয়া, পুষ্প রাণী, নাগরিক নেতা কল্যাণ ব্যানার্জি, আলীনুর খান বাবুলসহ অন্যরা।
বক্তারা বলেন, শ্যামনগরের ২০৫টি খালের মধ্যে অধিকাংশই প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রেখেছেন। কোথাও কোথাও খাল ভরাট, বাঁধ নির্মাণ এবং খালের শ্রেণি পরিবর্তন করে বন্দোবস্ত দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে।
এর ফলে ২০২৫ ও ২০২৬ সালের বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে আমন ধানের বীজতলা দুই থেকে তিন দফা নষ্ট হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ির পুকুর, মাছের ঘের, ঘেরের পাড়ের সবজি ও কৃষিজমি।
বক্তারা আরও বলেন, শুষ্ক মৌসুমে খালের পানি ব্যবহারে বাধা থাকায় অনেক কৃষিজমি অনাবাদি পড়ে থাকছে। এ অবস্থায় অবিলম্বে খালগুলো অবৈধ দখলমুক্ত করে জলাবদ্ধতা দূর করা, কৃষি ও মৎস্যসম্পদের ক্ষতি রোধ এবং শুষ্ক মৌসুমে মিষ্টি পানির সংকট নিরসনের দাবি জানান তারা। একই সঙ্গে খালগুলো জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।
মৌনবন্ধন শেষে একই দাবিতে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বরাবর স্মারকলিপি দেন অংশগ্রহণকারীরা।
বিভি/সাতক্ষীরা/পিএইচ













মন্তব্য করুন: