গাজীপুরে হামলায় আহত আনসার সদস্যের খোঁজ নিতে হাসপাতালে মহাপরিচালক
গাজীপুরের সালনায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নয় সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরিদর্শনকালে চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করে আহতদের জন্য প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজীপুর জেলায় শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তা রক্ষায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন নিয়োজিত রয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) দায়িত্ব পালনকালে আকস্মিক হামলার শিকার হওয়ার পরপরই আহতদের আনসার-ভিডিপি হাসপাতালে ভর্তি করা হয়। আনসার-ভিডিপি হাসপাতালে চিকিৎসাধীন আহত এই ব্যক্তিদের মধ্যে তিনজন কর্মকর্তা ও ছয়জন আনসার ব্যাটালিয়ন সদস্য রয়েছেন। মহাপরিচালকের তাৎক্ষণিক নির্দেশনায় অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা শুরু থেকেই তাদের খোঁজখবর ও চিকিৎসাসেবা তদারকি করে আসছেন।
হামলায় আহত তিন কর্মকর্তা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। আর আহত ছয় ব্যাটালিয়ন সদস্য হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ. রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও তারা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক বলেন, সালনা এলাকায় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সুরক্ষায় আনসার সদস্যরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে সব আঘাত সহ্য করেন। একটি দোকানে আশ্রয় নেওয়া অবস্থায় দুষ্কৃতকারীরা গরম পানি নিক্ষেপ ও বিভিন্নভাবে হামলা চালালেও বিপুলসংখ্যক শ্রমিকের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বাহিনীর সদস্যরা নজিরবিহীন ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
মহাপরিচালক আরও বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক নির্দেশনার পর বিজিবি ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত রিইনফোর্সমেন্ট পাঠানো হয় এবং মহাসড়কের প্রতিবন্ধকতা অপসারণ করে জনজীবন স্বাভাবিক করা হয়। পরিকল্পিত এই হামলার ঘটনায় প্রাথমিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/বিএস/এসজি













মন্তব্য করুন: