সাকিবের পর পিএসএলের নিলাম তালিকায় মুস্তাফিজ
বাংলাদেশ জাতীয় দলে এখন নিয়মিত নন, তবে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসানের চাহিদা এখনও কমেনি। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
আসন্ন পিএসএল নিলামে সাকিবের সঙ্গে বাংলাদেশ থেকে নাম তুলেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। যদিও সম্প্রতি আইপিএল ঘিরে বিতর্কে জড়ান মুস্তাফিজ। গত ডিসেম্বরে আইপিএল নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারত–বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় একাধিক সংগঠন ও বিজেপির একটি অংশ মুস্তাফিজের বিপক্ষে প্রতিবাদে নামে।
চাপের মুখে পড়ে এবং বিসিসিআইয়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানকেই নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন ‘ফিজ’।
পিএসএলের মঞ্চে অবশ্য নতুন নন মুস্তাফিজ। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে এই টুর্নামেন্টে খেলেছিলেন তিনি। সে আসরে পাঁচ ম্যাচে চারটি উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের এই পেসার।
আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএল নিলাম। সাকিব ও মুস্তাফিজ ছাড়াও এবারের নিলামে নাম তুলেছেন বেশ কয়েকজন তারকা আন্তর্জাতিক ক্রিকেটার। তালিকায় রয়েছেন জনি বেয়ারস্টো, আদিল রশিদ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মইন আলী, ফাফ ডু প্লেসিস, কেশব মহারাজ ও কেন উইলিয়ামসনের মতো পরিচিত মুখ।
বিভি/এজেড



মন্তব্য করুন: