শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ নীতিমালা নিয়ে উদ্বিগ্ন বিএসপিএ
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জন্য সম্প্রতি প্রণীত নতুন প্রবেশবিধি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি (বিএসপিএ)। সংগঠনটির মতে, এই নীতিমালা গণমাধ্যমকর্মীদের স্বাভাবিক পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করছে।
শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাঠানো এক লিখিত বক্তব্যে বিএসপিএ বিষয়টি তুলে ধরে। সেখানে বলা হয়, মাঠে কাজ করা সাংবাদিকদের জন্য ঘোষিত নতুন নিয়মগুলো বাস্তবায়িত হলে সংবাদ সংগ্রহ ও প্রচারের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে।
বিএসপিএ তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, দীর্ঘদিন ধরে বিসিবির সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে আসছে ক্রীড়া সাংবাদিকরা। আন্তর্জাতিক গণমাধ্যম নীতিমালা অনুসরণ করে বিসিবির মিডিয়া কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অ্যাক্রেডিটেশনসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সহায়তা দিয়ে আসছে সংগঠনটি।
সংগঠনটির দাবি, শেরে বাংলা স্টেডিয়ামে নিরাপত্তা জোরদারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে সাংবাদিকরা কোনোভাবেই অন্তরায় নন। বরং দায়িত্বশীলভাবে কাজ করে ক্রীড়া সাংবাদিকরা দেশ-বিদেশে বাংলাদেশের ক্রিকেটকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের এই অবদান বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করে বিএসপিএ।
এই প্রেক্ষাপটে নতুন প্রবেশবিধি দ্রুত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি। পাশাপাশি বিএসপিএসহ সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর ওপর জোর দেওয়া হয়েছে।
বিএসপিএ আরও জানিয়েছে, দেশের ক্রিকেট ও ক্রীড়া সাংবাদিকতার বৃহত্তর স্বার্থে ভবিষ্যতেও বিসিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ। বিবৃতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সামন হোসেন স্বাক্ষর করেন।
বিভি/টিটি



মন্তব্য করুন: