• NEWS PORTAL

  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতহার আলী

প্রকাশিত: ২০:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতহার আলী

রাত পোহালেই শুরু হচ্ছে বহুল আলোচিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে বাংলাদেশ দল মাঠে নামছে না, তবে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব ঠিকই থাকছে। দুই আম্পায়ারের পর বিশ্বকাপে বাংলাদেশের আরেকটি পরিচিত মুখ হিসেবে থাকছেন জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান।

শুক্রবার টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারের জন্য ধারাভাষ্যকারদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেই তালিকায় জায়গা পেয়েছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান, যিনি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অনীহা জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে এই আসরে অন্তর্ভুক্ত করে। তবে দল না থাকলেও বাংলাদেশের উপস্থিতি পুরোপুরি হারিয়ে যায়নি। আগেই নিশ্চিত হয়েছিল এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেলের বিশ্বকাপে দায়িত্ব পালন। এবার সেই তালিকায় যুক্ত হলো আতহার আলী খানের নাম।

৬৩ বছর বয়সী আতহার আলী খান ক্রিকেটবিশ্বে ‘ভয়েস অব বাংলাদেশ’ নামেই বেশি পরিচিত। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিয়ে আসছেন তিনি। বাংলাদেশের সিরিজের পাশাপাশি বিভিন্ন আইসিসি টুর্নামেন্টেও নিয়মিত কণ্ঠ দিয়েছেন এই অভিজ্ঞ ধারাভাষ্যকার।

এবারের বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ক্রিকেটবিশ্বের অনেক পরিচিত নাম। রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান বিশপ, কুমার সাঙ্গাকারা, ওয়াসিম আকরাম, সুনিল গাভাস্কার, ম্যাথু হেইডেন, মাইকেল আথারটন, ইয়ান মরগ্যান, শন পোলক, ডেল স্টেইন, হার্শা ভোগলে, ড্যানি মরিসনসহ তারকাবহুল এই তালিকায় চমক হিসেবে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা।

সব মিলিয়ে মাঠে বাংলাদেশ না থাকলেও মাইক্রোফোনে, আম্পায়ারিংয়ে এবং সম্প্রচারে বাংলাদেশের উপস্থিতি থাকছে শক্তভাবেই—যার অন্যতম মুখ আতহার আলী খান।

বিভি/এজেড

মন্তব্য করুন: