• NEWS PORTAL

  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ না থাকায় বিশ্বকাপে টিকিট বিক্রিতে বড় ধস

প্রকাশিত: ২০:২১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ না থাকায় বিশ্বকাপে টিকিট বিক্রিতে বড় ধস

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে টিকিট বিক্রিতে। টাইগারদের অনুপস্থিতিতে দর্শকদের আগ্রহ কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে ম্যাচের গ্যালারিতে—বিশেষ করে কলকাতায়।

বিশ্বকাপের সূচি অনুযায়ী বাংলাদেশের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। তবে শেষ মুহূর্তে আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশ বাদ পড়ে এবং তাদের জায়গায় বিশ্বকাপে যুক্ত হয় স্কটল্যান্ড। এতে করে পূর্বনির্ধারিত ভেন্যুগুলোতে দর্শক সমাগমে বড় ধাক্কা লাগে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতায় বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি চলছে অত্যন্ত ধীরগতিতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলোতে নেই তেমন কোনো ভিড়। অনেক সময় একসঙ্গে পাঁচ থেকে ছয়জন ক্রেতাও দেখা যাচ্ছে না।

প্রতিবেদনে আরও বলা হয়, ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ইডেন গার্ডেন্সে এখন পর্যন্ত মোট টিকিট বিক্রি হয়েছে ২১ হাজারেরও কম। পরিসংখ্যান অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র ২ হাজার ৯১৭টি। স্কটল্যান্ড–ইতালি ম্যাচে বিক্রি হয়েছে ৩৪৮টি টিকিট।

এছাড়া ইংল্যান্ড–স্কটল্যান্ড ম্যাচে বিক্রি হয়েছে ২ হাজার ৭৫টি এবং ইংল্যান্ড–ইতালি ম্যাচে ৪ হাজার ৯৭০টি টিকিট। গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে সব ম্যাচের জন্য মোট বিক্রি হয়েছে আনুমানিক ৯ হাজার টিকিট, যা প্রত্যাশার তুলনায় অনেক কম।

বিশ্লেষকদের মতে, গ্রুপ পর্বে কলকাতায় ভারতের কোনো ম্যাচ না থাকা এবং বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেওয়াই দর্শক আগ্রহ কমে যাওয়ার প্রধান কারণ। এই দুই দলই স্থানীয় দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হওয়ায় তাদের অনুপস্থিতি টিকিট বিক্রিতে বড় প্রভাব ফেলেছে।

তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) জানিয়েছে, টিকিট বিক্রি কম হলেও তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কারণ ম্যাচ আয়োজনের জন্য আইসিসি থেকে তারা আগেই নির্ধারিত ফি পাচ্ছে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দলের শিগগিরই কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে। অনুশীলন পর্ব শেষ করে আগামী শনিবার মাঠে নামবে শাই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ডই হবে তাদের প্রতিপক্ষ।

বিভি/এজেড

মন্তব্য করুন: