দর্শক টানতে পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে ফ্রি প্রবেশের ঘোষণা
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। একদিকে বৃষ্টির শঙ্কা, অন্যদিকে সমর্থকদের বয়কটের ডাক—সব মিলিয়ে চাপের মুখে পড়ে পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে দর্শকদের বিনামূল্যে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
তবে এই সিদ্ধান্তেও খুব একটা স্বস্তি আসেনি। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিয়ে বিদ্রূপ করছেন খোদ লঙ্কান সমর্থকরাই। এসএলসির ঘোষণার পোস্টে ‘হাহা’ রিঅ্যাকশনের আধিক্যই সেটার প্রমাণ।
ফর্মে থাকা একাধিক খেলোয়াড়কে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে কয়েক দিন ধরেই বিশ্বকাপ বয়কটের ডাক দিচ্ছেন শ্রীলঙ্কার সমর্থকদের একটি বড় অংশ। ফেসবুক ও এক্সে চলছে সমালোচনার ঝড়, বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছেন তারা।
এদিকে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা পাকিস্তান ও নেদারল্যান্ডসের। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি পুরো ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই পরিস্থিতি মাথায় রেখেই হয়তো বিশ্বকাপের প্রথম ম্যাচে দর্শকদের জন্য ফ্রি এন্ট্রির ঘোষণা দিয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা। দর্শক টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। সকাল সাড়ে ৯টা (স্থানীয় সময়) থেকে স্টেডিয়ামের ৫ ও ৭ নম্বর গেট দিয়ে বিনা মূল্যে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে।
তবে এই ঘোষণাও ঠাট্টা-তামাশা থেকে রেহাই পায়নি। বোর্ডের প্রতি ক্ষোভ ঝেড়ে সামাজিক মাধ্যমে অনেক সমর্থক রসিকতা করে লিখছেন, “ঢুকতে টাকা লাগবে না ঠিক আছে, কিন্তু বের হতে তো কোনো ফি নেবে না?”
বিভি/টিটি



মন্তব্য করুন: