সোহানের ঝোড়ো ব্যাটিংয়ে দুর্বার একাদশের জয়
জয়ের জন্য ১২ বলে দরকার ৩৩ রান। ১৯তম ওভারে বল করতে এলেন শরিফুল ইসলাম। প্রথম বলেই দুর্দান্ত এক ছক্কা হাঁকালেন নুরুল হাসান সোহান। পরের বলে আবারও ছক্কা। এই ওভারে চার ছক্কায় ২৬ রান তোলে জয়ের পথ অনেকটা সহজ করে দেন এই ব্যাটার। শেষ ওভারে তখন জয়ের জন্য দরকার মাত্র ৭ রান। মুকিদুলের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দুর্বার।
চাপের মুখে ৪৪ বলে ৭৬ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নুরুল হাসান সোহান। ধূমকেতু একাদশকে ২ উইকেটে হারায় ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে ধূমকেতু। প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে বিদায় নেন তানজিদ। এরপর জুটি বাঁধেন সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস। দুজনের সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে ধূমকেতু।
দলীয় ৩৭ রানের মাথায় সাজঘরে ফেরেন সাইফ হাসান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২০ বলে ২৮ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি পারভেজ হোসেন ইমন। ১৫ বলে ১৩ রান করেই বিদায় নেন এই ব্যাটার।
এক প্রান্ত আগলে রেখে খেলেছেন লিটন দাস। ৬ বলে ৭ রান করে বিদায় নেন তাওহিদ হৃদয়। এরপর দলের হাল ধরেন শেখ মেহেদী হাসান। দলীয় ১১৯ রানের মাথায় ৩৭ বলে ৪৩ রান করে বিদায় নেন লিটন।
শেষদিকে ব্যাট হাতে লড়াই চালিয়ে গেছেন মেহেদী। শামীম হোসেন পাটোয়ারী বিদায় নেন ৮ বলে ১৭ রান করে। শেষ পর্যন্ত টিকে থেকে ২৭ বলে ৩১ রানের ইনিংস খেলেন মেহেদী। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ধূমকেতু একাদশ।
দুর্বার একাদশের হয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ এবং তানভীর ইসলাম। ১টি করে উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন এবং আলিস আল ইসলাম।
জবাব দিতে নেমে হাবিবুর রহমান সোহান এবং নাজমুল হোসেন শান্তর ওপেনিং জুটিতে আসে ১৫ রান। ৭ বলে ২ রান করে বিদায় নেন অধিনায়ক শান্ত। তার পরের ওভারেই ফেরেন সোহান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৯ বলে ১৭ রান। তার পরের ওভারে সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুব। ৪ বলে ১ রান করে বিদায় নেন তিনি। ২০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে দুর্বার একাদশ।
২০ বলে ১৩ রান করে দলীয় ৪৬ রানের মাথায় থামেন জয়। এরপর এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালান নুরুল হাসান সোহান। মাঝে জাকের আলী অনিক করেছেন ১২ বলে ১১ রান। মেহেদী হাসান রানা ৪ বলে করেন ১ রান। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন খেলেছেন ১৩ বলে ১৯ রানের ইনিংস।
চাপের মুখে দারুণ এক ফিফটি হাঁকান সোহান। তার ৪৪ বলে ৭৫ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ২ উইকেটের জয় পায় দুর্বার একাদশ। ধূমকেতু একাদশের হয়ে ৪ উইকেট নেন শেখ মেহেদী হাসান। ১টি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান।
বিভি/টিটি



মন্তব্য করুন: