জাতীয় জুনিয়র মার্শাল আর্ট প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন এবিসি মার্শাল আর্ট একাডেমি
ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে (সাবেক সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় জুনিয়র মার্শাল আর্ট প্রতিযোগিতা–২০২৬। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কারাতে একাডেমির দুই শতাধিক জুনিয়র প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ক্রীড়াবিদরা বিভিন্ন বয়স ও ওজনভিত্তিক ক্যাটাগরিতে কাতা ও কুমিতে ইভেন্টে অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে দর্শক ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
প্রতিযোগিতা শেষে অসাধারণ সাফল্যের মাধ্যমে একক কাতায় ১৩টি ও কুমিতেতে ১৮টি স্বর্ণপদক অর্জন করে সর্বোচ্চ পদক জয় করে ABC Martial Art Academy। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় জুনিয়র মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও প্রতিষ্ঠানটির খেলোয়াড়রা বিভিন্ন ক্যাটাগরিতে রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করে দলের সামগ্রিক সাফল্যকে আরও সমৃদ্ধ করে।

এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে ABC Martial Art Academy-এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, কোচদের নিবেদন এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও আমাদের খেলোয়াড়রা দেশের সুনাম বয়ে আনবে বলে আমরা আশাবাদী।’
প্রতিষ্ঠাতা ও প্রধান কোচ আমিরুল শেখ অনু বলেন, ‘জুনিয়র পর্যায় থেকেই শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সঠিক প্রশিক্ষণের ওপর আমরা গুরুত্ব দিয়ে আসছি। এই চ্যাম্পিয়নশিপ আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি। সামনে আরও বড় লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’
উল্লেখ্য, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা দেশের জুনিয়র মার্শাল আর্ট ক্রীড়াবিদদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিভি/এআই



মন্তব্য করুন: