সাকিবকে আরও দুই বছর দলে চান হাবিবুল বাশার
জাতীয় ক্রিকেট দলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও দুই বছর রাখতে চান নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ২৪ মার্চ সাকিবের ৩৯তম জন্মদিন উপলক্ষে সুমন জানিয়েছেন, মামলার কারণে দ্রুত অগ্রগতি না হওয়ায় জাতীয় দলে ফিরতে দেরি হচ্ছে তার।
নতুন প্রধান নির্বাচক বলেছেন, “সাকিব এখনও দুই বছর জাতীয় দলে খেলার সামর্থ্য রাখে। তবে তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় জাতীয় দলে ফিরতে হবে। বিষয়টি আবেগের নয়। সাকিব আজ এসে কাল খেলতে পারবে না। তাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে এবং সেই জন্য সময় দেওয়া উচিত।”
সুমন জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, “বিসিবির লক্ষ্য এখন সরাসরি ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করা। সেই লক্ষ্য পূরণের জন্য জাতীয় দলকে শক্তিশালী করতে মূল স্কোয়াডের বাইরেও একটি ব্যাকআপ দল গঠন করা হবে। ব্যাকআপ দলকে ভালোভাবে প্রস্তুত করা হবে, যাতে প্রধান স্কোয়াডে কেউ খারাপ করলে যোগ্য একজন তাকে রিপ্লেস করতে পারে।”
তিনি আরও বলেন, “জাতীয় দল নির্বাচনে ধারাবাহিকতা বজায় রাখা এবং সততা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। এই নীতি অনুসরণ করেই আমরা আগামীদিনে বাংলাদেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে চাই।”
বিভি/পিএইচ



মন্তব্য করুন: