এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত
এশিয়ান গেমস ক্রিকেটে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মালয়েশিয়াকে।
নিশিনে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল মালয়েশিয়া ও ওমানের। কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়। এতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া।
দুই পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে হংকং। আর এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। কোয়ার্টার ফাইনালে হংকংয়ের প্রতিপক্ষ পাকিস্তান।
‘এ’ গ্রুপ থেকেও বৃষ্টির কারণে শেষ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নেপাল ও জাপানের ম্যাচটি মাঠে না গড়ানোয় গ্রুপ চ্যাম্পিয়ন নেপালের সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠেছে আফগানিস্তান। স্বাগতিক জাপানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
কোয়ার্টার ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আর আফগানিস্তান খেলবে ভারতের বিপক্ষে। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
আগামী সোমবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।
বাংলাদেশ ও মালয়েশিয়া এর আগে এশিয়ান গেমসে একবারই মুখোমুখি হয়েছিল। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত আসরের কোয়ার্টার ফাইনালে মাত্র ২ রানে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও শেষ আটে সেই প্রতিপক্ষই বাংলাদেশের সামনে।
বিভি/এজেড













মন্তব্য করুন: