• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে পরিত্যক্ত আসিয়ান গেমসের ম্যাচ, সরাসরি সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বৃষ্টিতে পরিত্যক্ত আসিয়ান গেমসের ম্যাচ, সরাসরি সেমিতে বাংলাদেশ

ফাইল ছবি

আসিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালেই মাঠেই নামতে হলো না বাংলাদেশকে। জাপানের নাগোয়ার টানা বৃষ্টিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির উন্নতি না হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করেন আয়োজকরা। ফলে কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবুও আমরা মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই আয়োজকরা জানিয়ে দেয়, ম্যাচ হবে না। মাঠেও যেতে হবে না।’

এদিকে, বৃষ্টির কারণে আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচও পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। এর আগে একই কারণে পরিত্যক্ত হয় ভারত-আফগানিস্তান ও পাকিস্তান-হংকংয়ের কোয়ার্টার ফাইনাল। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে ওঠে ভারত ও পাকিস্তান।

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচেও কার্যকর হয়েছে একই নিয়ম। বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা কোরোগি স্পোর্টস পার্কে।

তবে টানা বৃষ্টিতে সেমিফাইনালের ভেন্যুর মাঠের অবস্থাও নাজুক হয়ে পড়েছে। বৃষ্টি থামলেও কত দ্রুত মাঠ খেলার উপযোগী করা সম্ভব হবে, সেটিই এখন বড় প্রশ্ন। বৃষ্টির কারণে সেমিফাইনালও পরিত্যক্ত হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দল সুবিধা পাবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত