ফিফা আসিয়ান কাপ
জিতলো সিঙ্গাপুর, টানা দুই হারে শেষ বাংলাদেশের স্বপ্ন!
ছবি: দ্য রিপোর্ট
ফিফা আসিয়ান কাপে জয়ের দেখা পেলো না বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের দল। এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিলো বাংলাদেশ। ফলে টানা দুই হারে টুর্নামেন্টের প্রথম আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে থমাস ডুলির দলের।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বেশ আগ্রাসী ছিলো বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে রাকিব হোসেন ও সুকি ইতুফুসা সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করেন। ১৫ মিনিটে বক্সে ঢুকে রাকিব সতীর্থকে বল বাড়ানোর চেষ্টা করলেও সেখানে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না।
এরপর সিঙ্গাপুরও আক্রমণে ওঠে। ১৬ মিনিটে পরপর দুটি কর্নার আদায় করে তারা। দ্বিতীয় কর্নার থেকে ইলহান ফান্দির প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
৩৩ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া সিঙ্গাপুরের ফ্রি-কিকও দুর্দান্তভাবে রুখে দেন শ্রাবণ। তবে দুই মিনিট পর আর ঠেকাতে পারেননি। বাম দিক থেকে নুর আদম আবদুল্লাহর বাড়ানো ক্রসে হেড করে সিঙ্গাপুরকে এগিয়ে দেন হারহিস স্টুয়ার্ট। গোলের পরপরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো সিঙ্গাপুর। ৩৭ মিনিটে তাদের একটি শট বাংলাদেশের ক্রসবারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণে ওঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত একাধিক চেষ্টা করেও গোলের দেখা পায়নি তারা। সিঙ্গাপুরও ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় বাংলাদেশ গ্রুপের তলানিতে রয়েছে এবং বিদায় নিশ্চিত হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে, আগামী ১ অক্টোবর জাকার্তায়।
বিভি/এমআর













মন্তব্য করুন: