বিদায়ের পথে মেসি: ১০ নম্বর জার্সি নিয়ে কী সিদ্ধান্ত নেবে আর্জেন্টিনা?
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, সেটি এখনই ঠিক করতে চান না কোচ লিওনেল স্কালোনি। মেসির জাতীয় দল ছাড়ার পর নতুন যুগের প্রস্তুতি শুরু হলেও কিংবদন্তির জার্সিটি আপাতত তুলে রাখছে বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসিকে ছাড়া এই ম্যাচটিকেই নতুন অধ্যায়ের প্রথম পরীক্ষাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৩৯ বছর বয়সী মেসি। তবে আন্তর্জাতিক বিরতির প্রথম দুই ম্যাচে থাকছেন না তিনি।
মেসির জায়গা পূরণের চ্যালেঞ্জ নিয়ে স্কালোনি বলেছেন, দলকে ‘অন্যভাবে খেলার পথ’ খুঁজে নিতে হবে। তবে বল দখলে রেখে খেলার মূল দর্শন ধরে রাখার কথাও জানিয়েছেন তিনি।
বলিভিয়ার বিপক্ষে আক্রমণভাগে জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা রয়েছে স্কালোনির। এ ছাড়া ডান-ব্যাক হিসেবে আগুস্তিন গিয়াই, নিষিদ্ধ এনজো ফার্নান্দেজের জায়গায় এজেকিয়েল পালাসিওস এবং মাঝমাঠে ভ্যালেন্তিন বারকোর খেলার সম্ভাবনা রয়েছে। মেসির অনুপস্থিতিতে সৃজনশীলতার দায়িত্ব পেতে পারেন কোমোর হয়ে খেলা নিকোলাস পাজ।
মেসির ১০ নম্বর জার্সি নিয়েও অবস্থান পরিষ্কার করেছেন স্কালোনি। তিনি বলেন, লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত এই জার্সি কাউকে দেওয়া হবে না। ভবিষ্যতে অবশ্য কেউ একজন এটি পরবেন, তবে কে পরবেন তা এখনো ঠিক হয়নি।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া মেসি জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। বিশ্বকাপে তার গোল ২১টি।
এদিকে আগামী ৩১ ডিসেম্বর স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা চলছে। দায়িত্ব চালিয়ে যাওয়ার কারণ হিসেবে নতুন প্রজন্মের খেলোয়াড়দের আগ্রহ ও প্রতিদ্বন্দ্বিতার মানসিকতার কথা জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।
বিভি/এজেড













মন্তব্য করুন: