• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আইএল টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার

প্রকাশিত: ১২:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আইএল টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’ (আইএল টি-টোয়েন্টি)–এর পঞ্চম আসরের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তাদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন।

এই তিন ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৮ লাখ ৩৮ হাজার টাকা। একই ক্যাটাগরিতে রয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসি, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, অ্যালেক্স হেলস, ফখর জামান ও ডেভিড উইলির মতো তারকারা।

৪০ হাজার ডলার ভিত্তিমূল্যের দ্বিতীয় ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। বাংলাদেশি মুদ্রায় তাদের ভিত্তিমূল্য প্রায় ৪৯ লাখ ১৯ হাজার টাকা।

আর ১০ হাজার ডলার বা প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিব।

নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মূল বাজেট ১৩ লাখ মার্কিন ডলার। এর সঙ্গে প্রি-অকশন সাইনিংয়ের জন্য বরাদ্দ ৭ লাখ ডলার থেকে অব্যবহৃত অর্থ যোগ করার সুযোগ রয়েছে। ফলে নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নামছে এমআই এমিরেটস—১৩ লাখ ৯০ হাজার ডলার। আবুধাবি নাইট রাইডার্সের বাজেট ১৩ লাখ ৬৫ হাজার ডলার।

ডেজার্ট ভাইপার্স ও গালফ জায়ান্টসের হাতে রয়েছে ১৩ লাখ ৫ হাজার ডলার করে। আর প্রি-অকশন সাইনিংয়ের পুরো অর্থ খরচ করে ফেলায় দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্সের নিলাম বাজেট ১৩ লাখ ডলার করে। এর মধ্যে দুবাই ক্যাপিটালস সরাসরি চুক্তিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে।

এবারের চূড়ান্ত নিলামে আইসিসির ১১টি পূর্ণ সদস্য দেশের পাশাপাশি সৌদি আরব ও কুয়েতসহ মোট ২৩টি দেশের প্রায় ২০০ ক্রিকেটার থাকছেন। প্রাথমিকভাবে নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ৪০০-এর বেশি ক্রিকেটার।

আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত