বিদায়ী ম্যাচে মেসির সঙ্গে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন যারা
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার জার্সিতে ফুটবল যাদুকর লিওনেল মেসির শেষ ম্যাচ। আগামী বুধবার (৭ অক্টোবর) প্রথম প্রহরে বেনিনের বিরুদ্ধে হতে যাওয়া লড়াইয়ে অধিনায়ককে কেন্দ্র করে বিশেষ শুরুর একাদশ প্রস্তুত করছেন কোচ লিওনেল স্কালোনি। ২০১৮ সাল থেকে মেসির সাথে জাতীয় দলে খেলে আসা বেশ কয়েকজন তারকাকে শুরুর দলে রাখার আভাস পাওয়া গেছে।
সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপজয়ী ও বিশ্বকাপের রানার্সআপ দলের কয়েকজনসহ বাছাইপর্বে নিয়মিত খেলা খেলোয়াড়দের নিয়েই শুরু করবে আর্জেন্টিনা।
গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগের মাঝমাঠে দেখা যাবে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে। বাম প্রান্তের রক্ষণভাগে নিকোলাস তাগলিয়াফিকোর অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। শারীরিক অসুস্থতা বা আঘাতের কারণে আগের দুটি প্রীতি ম্যাচে তিনি অনুপস্থিত ছিলেন। তিনি ম্যাচ ফিটনেস না পেলে সেই জায়গায় দেখা যেতে পারে ফাকুন্দো মেদিনাকে। এর আগে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলায় মেদিনাই এই ভূমিকা পালন করেছিলেন।
ডানদিকের ফুলব্যাক হিসেবে খেলা শুরু করতে পারেন আগুস্তিন জিয়ায়ে। শাস্তিমূলক নিষেধাজ্ঞার দরুন খেলতে পারছেন না নাহুয়েল মোলিনা। পাশাপাশি গনসালো মন্তিয়েলকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। মধ্যমাঠে দেখা যাবে এক বিশেষ প্রত্যাবর্তন। বিগত দুই ম্যাচে স্কোয়াডের বাইরে থাকা রদ্রিগো দে পল পুনরায় দলে যোগ দিচ্ছেন। মেসির সঙ্গে আর্জেন্টিনার নীল-সাদা পোশাকে শেষবারের মতো মাঠে লড়বেন তিনি। তার সঙ্গী হবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফ্রন্টলাইনে স্বাভাবিকভাবেই থাকবেন মেসি। তার সঙ্গে শুরুর একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের। অর্থাৎ দলপতি মেসিকে সামনে রেখে তিন স্ট্রাইকারের আক্রমণাত্মক কৌশল দেখা যেতে পারে।
বেনিনের বিরুদ্ধে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, আগুস্তিন জিয়ায়ে, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো বা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
বিভি/একেএম/টিটি













মন্তব্য করুন: