• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

খাদের কিনারে বাংলাদেশ, মিরপুর টেস্টে জিতবে কারা?

প্রকাশিত: ১৯:৩৯, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খাদের কিনারে বাংলাদেশ, মিরপুর টেস্টে জিতবে কারা?

মিরপুর টেস্টের এই করুণ দশা দেখে একটা প্রশ্নই বারবার মনে জাগে-দেশের মাঠে বাংলাদেশ কি তবে নিজেই নিজের সবচেয়ে বড় প্রতিপক্ষ?

প্রথম তিন দিনে আলোকস্বল্পতা আর মিরপুরের ঘূর্ণি উইকেটে ২৬ উইকেট পতনের পর টেস্ট এখন সম্পূর্ণ ফলমুখী। প্রথম ইনিংসে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড পেলেও, দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের চরম দায়িত্বহীনতায় ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। হাতে মাত্র ১০৬ রানের লিড নিয়ে উইকেটে আছেন জাকের আলী ও নাঈম হাসান।

সংকট আরও গভীর হয়েছে দলের ভেতর একের পর এক চোট-আঘাতে। মুশফিকের অনুপস্থিতি, লিটন দাসের কনুইয়ের চোট এবং ফিল্ডিংয়ে সিলি পয়েন্টে মাথায় আঘাত পেয়ে মুমিনুলের ছিটকে যাওয়া-সব মিলিয়ে পুরো দলটাই যেন নড়বড়ে। কিন্তু শুধু চোটের অজুহাত দিয়ে কি ব্যাটসম্যানদের এই উইকেটে বিলিয়ে দেওয়ার সংস্কৃতি ঢাকা যাবে?

বিশেষ করে তাওহিদ হৃদয়ের আউটের ধরনটা ছিল অদ্ভুত। উইকেটে থিতু হওয়ার সামান্য ধৈর্যও না দেখিয়ে প্রথম ইনিংসের মতো আজও শর্ট বল বা তেড়ে মারার বিলাসী মানসিকতা দলের কাঁধে পাহাড়সম চাপ তৈরি করেছে। সাদমান থেকে শুরু করে মিরাজ-কারও আউট করার মতো ভয়ংকর কোনো ডেলিভারির শিকার হতে হয়নি, সবাই যেন সেচ্ছায় উইকেট বিলিয়েই প্যাভিলিয়নে ফিরেছেন।

অবশ্য বোলাররা রীতিমতো নিজেদের কাজটা ঠিকই করে গেছেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিতে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন নাঈম হাসান, যিনি একাই শিকার করেছিলেন ৪ উইকেট। কিন্তু বল হাতে বোলারদের এই লড়াই যেন ম্লান হয়ে গেল দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ভরাডুবিতে।

চতুর্থ দিনে জাকের ও নাঈমের জুটি যদি অলৌকিক কিছু করে ২০০ রানের বেশি লিড এনে দিতে পারে, তবেই হয়তো বোলারদের হাতে পুঁজি থাকবে। শেষ পর্যন্ত মিরপুরের এই টানটান উত্তেজনার টেস্টে শেষ হাসি কে হাসবে ওয়েস্ট ইন্ডিজ নাকি বাংলাদেশ? উত্তরটা জানার অপেক্ষাটা মনে হয় ৫ম দিন গড়াবে না।

বিভি/এজেড

মন্তব্য করুন: