• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

৫ হলুদ কার্ড দেখার পরও যে কারণে নিষিদ্ধ হননি মেসি

প্রকাশিত: ২১:৩২, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
৫ হলুদ কার্ড দেখার পরও যে কারণে নিষিদ্ধ হননি মেসি

ফুটবল নিয়মানুযায়ী সাধারণত ৫টি হলুদ কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয় একজন খেলোয়াড়কে। সেই হিসাব অনুযায়ী ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিরও এক ম্যাচ মাঠের বাইরে থাকার কথা। তবে মেজর লিগ সকারের (এমএলএস) এক বিশেষ নিয়মের সুবাদে বড় ধরনের শাস্তি থেকে বেঁচে গেছেন তিনি।

এমএলএসে ৫ হলুদ কার্ডে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার নিয়ম থাকলেও, ইন্টার মায়ামি অধিনায়কের ক্ষেত্রে কার্যকর হয়েছে ‘গুড বিহেভিয়ার ইনসেনটিভ’ নামক একটি বিশেষ নিয়ম।

এই নিয়মের মূল কথা হলো টানা পাঁচ ম্যাচে কোনো হলুদ বা লাল কার্ড না দেখলে খেলোয়াড়ের আগের কার্ডের হিসাব থেকে একটি হলুদ কার্ড মাইনাস বা কমে যায়। তবে একবারে পুরো রেকর্ড শূন্য হওয়ার কোনো সুযোগ নেই এবং পুরো মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন একজন খেলোয়াড়।

চলতি মৌসুমে মেসি তিনবারই টানা পাঁচ ম্যাচ কোনো কার্ড ছাড়া কাটিয়েছেন। ফলে নিয়ম অনুযায়ী তাঁর কার্ডের হিসাব থেকে তিনটি হলুদ কার্ড কমে গেছে এবং বর্তমানে তার কার্যকর হলুদ কার্ডের সংখ্যা রয়েছে মাত্র দুটি। এই কারণেই ৫টি হলুদ কার্ড দেখার পরও কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না তাকে।     

গত বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে তিনি গোলের উদ্দেশে একটি শট নেন। বল প্রতিহত হওয়ার পর সেটির দখল নিতে গিয়ে সিনসিনাটির ডিফেন্ডার স্যামুয়েল গিদির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মেসি। এই ঘটনার জন্যই রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান।

মেসির নিষেধাজ্ঞা এড়ানো ইন্টার মায়ামি দলের জন্য দারুণ এক স্বস্তির সংবাদ। আগামী ২ নভেম্বর নিউ ইংল্যান্ডের বিপক্ষে দলটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে মায়ামির চেয়ে মাত্র ২ পয়েন্ট এগিয়ে রয়েছে নিউ ইংল্যান্ড। সমান ৩২ ম্যাচে নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৫৮ এবং মায়ামির পয়েন্ট ৫৬। এছাড়া ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ন্যাশভিল। এমন সমীকরণের মুহূর্তে দলের সেরা তারকাকে মাঠে পাওয়াটা মায়ামির শিরোপা লড়াইয়ের জন্য বড় পাওয়া।

বিভি/এজেড

মন্তব্য করুন: