টানা তিন হারের পর ভারতকে নাস্তানাবুদ করলো নিউজিল্যান্ড
সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে আগেই ট্রফি নিশ্চিত করেছিল ভারত। তবে চতুর্থ টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে পাহাড়সমান রান গড়ার পর জ্যাকব ডাফির বোলিং তোপে ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকেরা। অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে কিউইরা জিতেছে ৮৭ রানের ব্যবধানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
অকল্যান্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই টিম সেইফার্টকে ফেরান মায়াঙ্ক যাদব। দ্বিতীয় ওভারে ড্যারিল মিচেল হাত খুলে খেলার চেষ্টা করলেও মায়াঙ্কের নিখুঁত ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে ফেরেন। এরপর ফিন অ্যালেনের ৩১ রানের সুবাদে পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৬৭ রান তোলে স্বাগতিকেরা। তবে ১১তম ওভারে ১১২ রানে চতুর্থ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তারা।
সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল। পঞ্চম উইকেটে মাত্র ৪০ বলে ১১৫ রানের অবিস্মরণীয় এক জুটি গড়েন তাঁরা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই দ্রুততম শতরানের জুটি।
ব্রেসওয়েল মাত্র ১৯ বলে ক্যারিয়ারের দ্রুততম ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ৬৫ রান করে তিনি আউট হলেও অন্যপ্রান্তে তাণ্ডব অব্যাহত রাখেন ফিলিপস। মাত্র ৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি ভারতের বিপক্ষে কিউই ব্যাটারদের যৌথভাবে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড গড়েন। শেষ পর্যন্ত ১০টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন ফিলিপস।
শেষ ১০ ওভারে অবিশ্বাস্যভাবে ১৫০ রান যোগ করে নিউজিল্যান্ড। পুরো ইনিংসে ২০টি ছক্কা হাঁকায় তারা, যা টি-টোয়েন্টি ক্রিকেটে দলটির নতুন রেকর্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে কিউইরা, যা টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর এবং ভারতের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। ভারতের পক্ষে মায়াঙ্ক যাদব তিনটি উইকেট নিলেও নীতিশ কুমার রেড্ডি ৪ ওভারে ৬৪ রান খরচ করে টি-টোয়েন্টিতে যৌথভাবে চতুর্থ খরুচে ভারতীয় বোলার বনে যান।
২৬০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খাদের কিনারায় পড়ে ভারত। প্রথম ওভারেই ওপেনার সাঞ্জু স্যামসন ও ঈশান কিশানকে ফিরিয়ে আঘাত হানেন জ্যাকব ডাফি। অভিষেক শর্মা পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ২৭ রানে থামেন। পাওয়ারপ্লের শেষ দিকে অধিনায়ক শ্রেয়াস আইয়ার বোল্ড হলে মাত্র ৫৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত।
নবম ওভারে মিচেল স্যান্টনার জোড়া আঘাত হেনে নীতিশ ও অক্ষরকে সাজঘরে পাঠালে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় সফরকারীরা। এরপর নামান ধীর ১৩ বলে ২৮ রান এবং তিলক ভার্মার সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭২ রানে থামে ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে ২৩ রানে ৪টি উইকেট শিকার করে সবচেয়ে সফল বোলার ছিলেন জ্যাকব ডাফি। স্যান্টনার নেন দুটি উইকেট।
এই পরাজয়ের ফলে নিউজিল্যান্ডের মাটিতে ভারতের টানা ১০টি টি-টোয়েন্টিতে অপরাজিত থাকার দুর্দান্ত দৌড় থামল। আগামী রোববার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বিভি/এজেড













মন্তব্য করুন: