সাফের দল ঘোষণা: দ্বিতীয় সারির দল নিয়ে আসছে ভারত
আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় বসবে দক্ষিণ এশিয়ান বিশ্বকাপ খ্যাত 'সাফ ফুটবল' এর নতুন আসর। এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। তবে দ্বিতীয় সারির দল নিয়েই সাফ মিশনে আসছে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দেশটি।
১৯৯৩ সালে শুরু হওয়া সাফ ফুটবলে গত ১৪টি আসরে ৯ বারই চ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে সফল দল ভারত। আগের দুই আসরে চ্যাম্পিয়ন হওয়াও এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি দেশটির সামনে।
কিন্তু ঐ সময়ে ইন্ডিয়ান সুপার লিগ চলমান থাকায় এবং দেশটির মূল জাতীয় দলের ১১ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ড সফরে অকল্যান্ড এবং ক্রাইস্টচার্চে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সূচী থাকায়; সেরা তারকাদের বাদ দিয়েই সাফ ফুটবলের জন্য দল গড়েছে দেশটি।
অনূর্ধ্ব ২৩ দল নিয়ে সাফ মিশনে খেলবে ভারত। দলে কোচের দায়িত্ব থাকছেন ভারত অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ নৌসাদ মুসা। তার সহকারী কোচের দায়িত্ব পালন করবেন বিবিয়ানো ফার্নান্দেজ।
অনূর্ধ্ব ২৩ দল হলেও, দলে লিস্টন কোলাসাও, সুরেশ সিং, চিঙ্গেলসানা, নিখিল, ফারুক চৌধুরীদের মতো জাতীয় দলে খেলার অপেক্ষায় থাকা ফুটবলারদের নিয়ে আসছে ভারত। ১৫তম সাফ টুর্নামেন্টে ভারত ‘বি’ গ্রুপে মালদ্বীপ এবং পাকিস্তানের বিপক্ষে খেলবে।
৫ নভেম্বর বেলা সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে দেশটি। এরপর ১১ নভেম্বর একই সময়ে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান। ফাইনাল হবে ১৭ নভেম্বর।
বিভি/এজেড













মন্তব্য করুন: