• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, সাফ থেকে ছিটকে গেলেন রোনান সুলিভান

প্রকাশিত: ২০:১৭, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, সাফ থেকে ছিটকে গেলেন রোনান সুলিভান

আর মাত্র ৪দিন বাকি। আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবলের সেরা উৎসব সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু সেই টুর্নামেন্টের আগেই বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা।

হ্যামস্ট্রিং ইনজুরিতে সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে ছিটকে পড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুন ফুটবলার রোনান সুলিভান। ২৪ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপের জন্য রোনান সুলিভানকে নিয়েই ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলো বাফুফে। কিন্তু ১ নভেম্বর নিশ্চিত হয়েছে হ্যামস্ট্রিং ইনজুরিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভানের খেলা হবে না সাফে। 

টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে এই সংবাদ বাংলাদেশ ফুটবল দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এতে আক্রমণভাগে বাংলাদেশ দলের শক্তি আরো কমে গেছে। গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন রোনান। 

শুরুতে চিকিৎসকেরা তাকে বিশ্রামে থাকতে বলেলেও; সম্প্রতি নতুন করে পরীক্ষায় জানা গেছে তার ইনজুরি গুরুতর। পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে আট সপ্তাহ লাগতে পারে। তাতে ডিসেম্বরের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই।

গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে বড় ভুমিকা রেখেছিলেন ২০ বছর বয়সি রোনান। এরপরই জাতীয় দলের হেড কোচ টমাস ডুলির নজর কাড়েন এই প্রবাসী। সাফ ফুটবলে খেলতে ২ নভেম্বর তার ঢাকায় আসার কথা ছিলো। কিন্তু রোনানের ইনজুরিতে আবারো স্ট্রাইকার সংকটে ভুগতে হবে জাতীয় দলকে। ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত