• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

২৪ বছরের রেকর্ড ভেঙে ফাইনালে রান তাড়ায় চ্যাম্পিয়ন পাকিস্তান

প্রকাশিত: ২৩:২৬, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:২৬, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
২৪ বছরের রেকর্ড ভেঙে ফাইনালে রান তাড়ায় চ্যাম্পিয়ন পাকিস্তান

ওয়ানডে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটি ফাইনালের সাক্ষী হলো গাদ্দাফি স্টেডিয়াম। শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া বিশাল লক্ষ্য টপকে ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক পাকিস্তান। আর এর মাধ্যমেই ভেঙে গেছে দীর্ঘ ২৪ বছরের পুরোনো একটি বিশ্বরেকর্ড।

এত দিন ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে সফলভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ছিল ভারতের দখলে। ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে লর্ডসে ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল সৌরভ গাঙ্গুলীর দল। সেই ম্যাচে ১৪৬ রানে ৫ উইকেট পতনের পর যুবরাজ সিং ও মোহাম্মদ কাইফের ঐতিহাসিক জুটিতে জয় পেয়েছিল ভারত। লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলীর জার্সি ওড়ানোর সেই স্মৃতি আজও ক্রিকেটপ্রেমীদের মনে জ্বলজ্বল করছে। ঠিক ২৪ বছর পর লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে সেই একই রানের (৩২৬) লক্ষ্য তাড়া করে ভারতের রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিসের নান্দনিক সেঞ্চুরি এবং পবন রত্নায়েকের দায়িত্বশীল ফিফটির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৫ রানের শক্ত পুঁজি সংগ্রহ করে লঙ্কানরা।

৩২৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। মাত্র ১৪ রান তুলতেই সাজঘরে ফেরেন ওপেনার মাজ সাদাকাত ও অভিজ্ঞ বাবর আজম। তবে সেই প্রাথমিক ধাক্কা সামলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফখর জামান। তার বীরোচিত সেঞ্চুরি (৯৯ বলে ১২৭ রান), আরাফাত মিনহাসের ঝোড়ো ফিফটি (৩১ বলে ৬১ রান) এবং হাসান নেওয়াজের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ৯ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন: