নেটে অনুশীলনে বিরক্ত বিরাট কোহলি!
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে তরুণ ভারতীয় পেসার অকিব নবির বোলিংয়ে বেশ কয়েকবার পরাস্ত হয়েছেন বিরাট কোহলি। নেট সেশনে একাধিকবার বল ব্যাটের বাইরের প্রান্ত ঘেঁষে চলে যাওয়ায় দৃশ্যত বিরক্তও হয়ে পড়েন ভারতের অভিজ্ঞ এই ব্যাটার। তবে কঠিন সময় কাটিয়ে পরে আবার স্বাভাবিক মেজাজে ফিরতে দেখা যায় তাকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শেষের দিকে। এবার সবার নজর ওয়ানডে সিরিজের দিকে, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল ও লোকেশ রাহুলের মতো তারকারা মাঠে নামবেন। রবিবার (১ নভেম্বর) সকালে অনুশীলনে নামেন কোহলি ও রোহিত। তবে নেট সেশনে আলোচনার কেন্দ্রে ছিলেন তরুণ পেসাররা।
ভারতের হয়ে অনুশীলনে পেস বোলিং করেন অকিব নবি, অংশুল কাম্বোজ ও গুরনুর ব্রার। লম্বা উচ্চতার সুবিধা কাজে লাগিয়ে গুরনুর অতিরিক্ত বাউন্স আদায় করেন। অন্যদিকে, নিয়ন্ত্রিত লাইন ও লেংথে ব্যাটারদের চাপে রাখেন কাম্বোজ। তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছুড়ে দেন অকিব নবি।
ভারত ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডের লিংকনে প্রথম আনঅফিশিয়াল টেস্টে নজরকাড়া পারফরম্যান্সের পর আলোচনায় আসেন নবি। চোট পাওয়া প্রসিধ কৃষ্ণের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম রেভস্পোর্টজের প্রতিবেদন অনুযায়ী, নবি দুই দিকেই বল সুইং করিয়ে অভিজ্ঞ ব্যাটারদের বারবার পরীক্ষা করেন। তার ধারালো মুভমেন্টে একাধিকবার ব্যাটের বাইরের প্রান্ত এড়িয়ে যায় বল। এতে কোহলিকে বেশ বেগ পেতে হয়।
অনুশীলনে কোহলির প্যাড ও উরুর প্যাডে একাধিকবার আঘাত হানে নবির ভেতরের দিকে ঢুকে আসা বল। পাশাপাশি বাইরে সুইং করানো বল দিয়েও তাকে চাপে রাখেন তরুণ এই পেসার। কয়েকবার পরাস্ত হওয়ার পর কোহলিকে দৃশ্যত বিরক্ত দেখাচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে কঠিন সময় দ্রুত কাটিয়ে ওঠেন কোহলি। কিছুক্ষণ পরই তাকে আবার স্বাভাবিক ও প্রাণবন্ত মেজাজে দেখা যায়। অনুশীলনের বিরতিতে রোহিত শর্মার সঙ্গে হাসি-ঠাট্টা ও খুনসুটিতেও মেতে ওঠেন তিনি।
অন্যদিকে, রোহিত শর্মাও অনুশীলনে সতর্ক ব্যাটিং করেন। শুরু থেকেই আক্রমণাত্মক না হয়ে রক্ষণাত্মক শটের পাশাপাশি সুযোগ বুঝে মারমুখী হন তিনি। পিচের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন এই ওপেনার। পরে অনুশীলনে যোগ দেন লোকেশ রাহুল। রুতুরাজ গায়কোয়াড়ও তরুণ পেসারদের বিপক্ষে ব্যাটিং করেন।
প্রথম ওয়ানডে শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। এর আগে পেসারদের বিপক্ষে এমন কঠোর অনুশীলন ব্যাটারদের জন্য কার্যকর প্রস্তুতি হিসেবে কাজ করবে। এতে উইকেটের আচরণ সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিও যাচাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন তারা।
সূত্র: এনডিটিভি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: