মেসির নতুন ইতিহাস: পরপর দুই মৌসুমে ‘গোল্ডেন বুট’ জয়
মেজর লিগ সকারে আরও একটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে ফুটবলের মহাতারকা পরপর দুই মৌসুমে জিতলেন 'গোল্ডেন বুট'। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।
গত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে প্রথমবার 'গোল্ডেন বুট' জিতেছিলেন মেসি। তার আগে পাঁচজন খেলোয়াড় একাধিকবার এই পুরস্কার জিতলেও কেউ পরপর দুই মৌসুমে জিততে পারেনি। এবার গোলসংখ্যায় মেসির ধারেকাছেও যেতে পারেনি অন্যরা।
দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল এফসি ডালাসের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পেতার মুসার। ২১ গোল নিয়ে তৃতীয় ন্যাশভিলের স্যাম সারিজ। শুধু গোল করা নয়, সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন মেসি। ২০২৬ মৌসুমে তার অ্যাসিস্ট ১৭টি।
গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন ৩৯ বছরের মেসি। যা এ মৌসুমে লিগের সর্বোচ্চ। গত মৌসুমে লিগে সর্বোচ্চ ১৯টি অ্যাসিস্ট ছিলো তার।
আজ এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল না পেলেও তার দুটি কর্নার থেকে দুটি গোল করেছে দুই সতীর্থ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পায়নি মায়ামি।
৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে মেসির দল। ২০২৪ ও ২০২৫ সালে লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার 'এমভিপি' জয়ের দৌড়েও এগিয়ে আছেন ৩৯ বছরের মেসি।
বিভি/এজেড













মন্তব্য করুন: