ফাইনালের লড়াইয়ে এখনও টিকে আছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হার এবং দ্বিতীয় টেস্টে ড্র করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন কিছুটা ধূসর হয়েছে বাংলাদেশের। ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজে পয়েন্ট হারানোর ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে পড়েছে টাইগাররা। তবে কাগজে-কলমে ফাইনাল খেলার আশা এখনও ফুরিয়ে যায়নি।
বর্তমানে ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে। বাংলাদেশের ওপরে শীর্ষ চার দল হলো নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ), দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩ শতাংশ), অস্ট্রেলিয়া (৬৯.২৩ শতাংশ) এবং ভারত (৫১.৫২ শতাংশ)।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের সামনে বাকি রয়েছে মাত্র চারটি টেস্ট ম্যাচ। এর মধ্যে দুটি ম্যাচ এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে এবং শেষ দুটি আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ যদি শেষ চারটি টেস্ট ম্যাচেই জয় তুলে নিতে পারে, তবে তাদের পয়েন্ট শতকরা হিসেবে দাঁড়াবে ৬৩.৮৯ শতাংশে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই পয়েন্ট শীর্ষ দুইয়ে থেকে ফাইনাল খেলার জন্য যথেষ্ট হতে পারে। ২০২১-২৩ চক্রে ৫৮.৮ শতাংশ পয়েন্ট নিয়ে ভারত ফাইনালে খেলেছিল। এছাড়া সেবার চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল ৬৬.৬৭ শতাংশ।
শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় এবং একটিতে হার হলে বাংলাদেশের পয়েন্ট হবে ৫৫.৫৫ শতাংশ। সেক্ষেত্রে অন্যান্য দলের পারফরম্যান্স ও পয়েন্টের ওঠানামা অনুকূলে থাকলে ফাইনালে খেলার সুযোগ থাকতে পারে। তবে দুইটিতে জয় ও দুইটিতে হার দেখলে পয়েন্ট ৫০-এর নিচে নেমে যাবে, যা দিয়ে ফাইনালে যাওয়া প্রায় অসম্ভব।
ফাইনালে ওঠার ভাগ্য নিজেদের হাতে রাখতে হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টাইগারদের সেরাটাই খেলতে হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: