• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বড় টার্গেট, লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা

প্রকাশিত: ১৩:০২, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বড় টার্গেট, লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা

ছবি: ২১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম

সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। সোমবার (৯ নভেম্বর) সকালে শুরু হওয়া ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ২৮০ রান।

এর আগে টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের দাপটে চরম হতাশায় দিন কাটে বাংলাদেশের। মাত্র ৩টি উইকেট নিতে পারলেও ক্যারিবীয়রা স্কোরবোর্ডে যোগ করে ৩৩৮ রান। দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩৪৫ রান। এতে তাদের মোট লিড দাঁড়ায় ৩৬৮ রান। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

৩০ রানে পিছিয়ে থেকে আগের দিন বিকেলে ৭ রানে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার (৮ নভেম্বর) চতুর্থ দিনের খেলা শুরু হতেই দুই ক্যারিবীয় ওপেনার জশুয়া ডা সিলভা ও ব্রেন্ডন কিং আগ্রাসী ব্যাটিং শুরু করেন। ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে এগিয়ে নেন তাঁরা। শেষ পর্যন্ত স্পিনার তাইজুল ইসলামের বলে ৩৬ রান করা জশুয়া এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। তবে অন্য প্রান্তে দাঁড়িয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন ব্রেন্ডন কিং।

এরপর দ্রুতগতিতে এগিয়ে চলা ৩৪ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬১ রান করা ব্রেন্ডন কিংকে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচে পরিণত করেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে এই উইকেটটি কিছুটা স্বস্তি এনে দিয়েছিল স্বাগতিক শিবিরে।

তবে বিরতির পর কেভিন উইকহ্যাম ও কাভেম হজের ব্যাটে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ১৫৫ রান। ৭৮ রান করা উইকহ্যামকে বোল্ড করে দিনের দ্বিতীয় সাফল্য পান তাইজুল।

উইকহ্যাম ফিরলেও এক প্রান্ত ধরে রেখে দায়িত্বশীল সেঞ্চুরি তুলে নেন কাভেম হজ। দিনের বাকি সময় আমির জাঙ্গোকে (২০*) সঙ্গে নিয়ে আর কোনো বিপদ হতে দেননি তিনি। ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষে ১৪০ রানে অপরাজিত থাকেন হজ।

বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ২টি এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট নেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: