দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং কোচ বেনকেনস্টেইন
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন ডেল বেনকেনস্টেইন। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (৯ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর দুই দিন আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন। এবার এক সিরিজের জন্য দায়িত্ব পেলেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার বেনকেনস্টেইন।
৫২ বছর বয়সী বেনকেনস্টেইন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডে ম্যাচ। বর্তমানে ইংলিশ কাউন্টি ক্লাব ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন বেনকেনস্টেইন। ইংলিশ কাউন্টি ক্রিকেটেও রয়েছে তার দীর্ঘ কোচিং অভিজ্ঞতা। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এ ছাড়া নিজ দেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলেও কোচিং করিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী রবিবার জোহানেসবার্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর।
বিভি/ওটিপি/পিএইচ













মন্তব্য করুন: