গ্রিসকে ৭-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস
টিয়ানি রেইডার্সের হ্যাটট্রিকে প্রথমার্ধে পাঁচ গোল করা নেদারল্যান্ডস দ্বিতীয়ার্ধে জালের দেখা পেলো আরও দুইবার। শুক্রবার (১৩ নভেম্বর) আমস্টারডামে গ্রিসকে ৭-০ গোলে বিধ্বস্ত করে উয়েফা নেশন্স লিগে কোয়ার্টার ফাইনালের পথে আরেকধাপ এগিয়ে গেলো ২০১৯ সালের রানার্সআপরা।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দেখায় ঘরের মাঠে ২-২ গোলে ড্র করা গ্রিস এদিন আমস্টারডামে ১৮ মিনিটের মধ্যেই তিন গোল হজম করে। ষষ্ঠ মিনিটে ক্রেসেন্সিও সামারভিল স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বাদশ ও অষ্টাদশ মিনিটে জোড়া গোল করেন টিয়ানি রেইন্ডার্স। এই মিডফিল্ডার ৩৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৪০ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন ইউরিয়েন টিম্বার। আক্রমণে দাপট ধরে রেখে ৫৯ মিনিটে টিম্বারের লক্ষ্যভেদে ষষ্ঠ গোলের দেখা পায় ডাচরা। এক মিনিট পর সপ্তম গোল করেন ডনিয়েল মালেন। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস। আসরে প্রথম হারের স্বাদ পাওয়া গ্রিস ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তিনে রয়েছে। পাঁচ ম্যাচেই হেরে তলানিতে সার্বিয়া। জার্মানি এদিন সার্বিয়ার মাঠে ৩-১ এ জয় পায়। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আগামী সোমবার নেদারল্যান্ডস বার্লিনে জার্মানির বিপক্ষে, একই সময়ে গ্রিস নিজেদের মাঠে সার্বিয়ার মোকাবেলা করবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।
বিভি/এসজি













মন্তব্য করুন: